Saturday, May 2, 2026

ব্যাংক আইনে লুটপাটকারীদের সুবিধা দেওয়ার অভিযোগ এনসিপির


ফাইল ছবিঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলতে পারে এমন একটি আইনের মাধ্যমে ব্যাংকের মালিকানা পুনরায় বিতর্কিত গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্যসচিব আখতার হোসেন। তিনি দাবি করেন, নতুন ব্যাংক রেজোল্যুশন আইন পাসের ফলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগ এলাকায় জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি।

আখতার হোসেন বলেন, বিরোধী মতামত উপেক্ষা করে এমনভাবে আইনটি পাস করা হয়েছে, যাতে আর্থিক খাতের অনিয়মকারীরা আবারও প্রভাব বিস্তার করতে পারে। এতে দেশের অর্থনীতি আরও সংকটে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

শ্রমিকদের মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, কোনো অবস্থাতেই শ্রমজীবী মানুষকে অবমূল্যায়ন করা উচিত নয়। তিনি পেশাভিত্তিক বৈষম্য দূর করে শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি দাবি করেন, বর্তমান সংসদে শ্রমজীবী পরিবারের প্রতিনিধিত্ব আগের তুলনায় বেশি রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার সময় শ্রমিক-কৃষকদের ভূমিকা থাকলেও পরে তাদের গুরুত্ব কমে যায়—এ প্রবণতা পরিবর্তনের আহ্বান জানান তিনি।

এনসিপির কৃষক সংগঠনের সমন্বয়ক সাঈদ উজ্জ্বল বলেন, সাম্প্রতিক আন্দোলনে শ্রমিকদের বড় অবদান থাকলেও রাজনৈতিক কাঠামোয় তাদের প্রতিনিধিত্ব এখনো সীমিত। তিনি সংসদে শ্রমিক ও কৃষকদের অংশগ্রহণ বাড়ানোর দাবি জানান।

সমাবেশে শ্রমিকদের বিভিন্ন দাবির মধ্যে ছিল—ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, শ্রমের ন্যায্য মূল্য প্রদান, মুনাফায় শ্রমিকদের অংশীদারিত্ব এবং নারী শ্রমিকদের সুরক্ষা ও মাতৃত্বকালীন সুবিধা বৃদ্ধি।

এ ছাড়া বক্তারা ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন এবং শ্রমিকদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর জোর দেন।

সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন