Saturday, May 2, 2026

গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছাতে ১ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা: প্রধানমন্ত্রী


ছবিঃ সিলেটে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা সোয়া ১১টার দিকে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। সিলেট 

দেশের গ্রামাঞ্চলে এখনো পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পৌঁছায়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ ঘাটতি পূরণে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি জানান, সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে অধিকাংশই নারী।

শনিবার (২ মে) বেলা সোয়া ১১টার দিকে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা গ্রামে গ্রামে গিয়ে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও সচেতনতা পৌঁছে দেবেন। বিশেষ করে নারীদের স্বাস্থ্য, খাদ্যাভ্যাস, ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনি রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মানার বিষয়েও কাজ করবেন তারা।

তিনি আরও বলেন, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে অসুস্থতার হার কমবে এবং হাসপাতালে আসা রোগীদের আরও উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

জলাবদ্ধতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অতিবৃষ্টি হলে দেশের বিভিন্ন শহরে পানি জমে সমস্যা তৈরি হয়। এ সমস্যা সমাধানে সরকার খাল খননসহ নানা উদ্যোগ নিয়েছে। তিনি সতর্ক করে বলেন, ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে, যা ভবিষ্যতে বড় সংকট তৈরি করতে পারে।

নদী দূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সুরমা ও বুড়িগঙ্গা নদীর উদাহরণ দিয়ে বলেন, অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার কারণে নদীগুলো মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

যোগাযোগব্যবস্থা উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু সড়ক নয়, রেলপথ উন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে। এতে যাতায়াত খরচ কমবে এবং সড়কের ওপর চাপও কমবে।

তিনি আরও জানান, বন্ধ কলকারখানা চালু করা, আইটি খাত সম্প্রসারণ এবং তরুণদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সরকার কাজ করছে। সিলেটের আইটি পার্ক দ্রুত চালু করে তরুণদের জন্য সুযোগ তৈরি করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নগরের বিভিন্ন সড়কে মানুষের ভিড় দেখা যায়। পরে তিনি সিলেটের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শনে অংশ নেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন