Saturday, May 2, 2026

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ নাগরিকের মৃত্যু


ছবিঃ চুরকিন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। পাবনা 

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকায় এক রুশ নাগরিকের আকস্মিক মৃত্যু হয়েছে। নিহতের নাম চুরকিন (৪০)।

শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নতুনহাট গ্রিন সিটি আবাসিক এলাকার জিম সেন্টারে ব্যায়াম করার সময় তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত তাকে আবাসিক এলাকার মেডিকেল সেন্টারে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে।

জানা গেছে, চুরকিন রাশিয়ার ক্রাসনোডার অঞ্চলের বাসিন্দা এবং তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে সাব-ঠিকাদার প্রতিষ্ঠান এটম টেক এনারগোর অধীনে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগজনিত কারণেই তার মৃত্যু হতে পারে। তবে সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান বলেন, হাসপাতালে আনার আগেই ওই বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান মোমিন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন