Saturday, May 2, 2026

কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু


ছবিঃ মেহেরুন্নেছা উর্মি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। পটুয়াখালী 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮) নামে এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) ভোরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী এলাকার একটি ভবনের তৃতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত উর্মি কলাপাড়া থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা এবং বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রায় আট মাস আগে উর্মি তার স্বামী ও দুই সন্তান—দেড় বছর বয়সী ছেলে ফারদিন এবং চার বছর বয়সী মেয়ে ফারিস্তাকে নিয়ে ওই ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই মতবিরোধ দেখা দিত বলে প্রতিবেশীরা জানান।

শুক্রবার (১ মে) গভীর রাতে উর্মির স্বামী থানায় যোগাযোগ করে দাবি করেন, তার স্ত্রী ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভোররাতে মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার পর উর্মির স্বামী ও সন্তানদের থানায় আনা হয়েছে। শিশু দুটির দেখভালের ব্যবস্থা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে কেউ কেউ এটিকে আত্মহত্যা হিসেবে দেখলেও, অনেকে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন