- ০২ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নেত্রকোনা
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন। শনিবার (২ মে) সকাল ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের পূর্বধলা ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি আয়নাল হক (৫৭), উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের বাসিন্দা। অপর নিহত ব্যক্তি (প্রায় ৫০) এখনও অজ্ঞাত রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী ‘আল্লাহ দান’ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই আয়নাল হকের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর অজ্ঞাত আরেক ব্যক্তি মারা যান।
দুর্ঘটনায় আহত তিনজন হলেন—মোল্লা মিয়া (৪৫), ডা. সারা তাবাসসুম উর্মি এবং মনির হোসেন (২৩)। তাদের উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। অপর নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে বলে জানা গেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়দের দাবি, মহাসড়কটিতে যানবাহনের বেপরোয়া গতি ও অসতর্ক চালনার কারণেই প্রায়ই দুর্ঘটনা ঘটছে।