- ০৭ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন নুসরাত তাবাসসুম । বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান হাফিজ উদ্দিন আহমেদ।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকারের কার্যালয়ে আয়োজিত এই শপথ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন গোলাম সারওয়ার ভুইয়ান। শপথ নেওয়ার পর নুসরাত তাবাসসুম সংসদ সচিবের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিক নথিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল,বিরোধীদলের চিফ হুইপ নাহিদ ইসলাম সহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নুসরাত তাবাসসুম জামায়াত জোটের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক দল (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি নির্বাচন কমিশন তাকে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
জাতীয় সংসদে মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে জামায়াত জোট পেয়েছে ১৩টি আসন। এই প্রেক্ষাপটে নুসরাত তাবাসসুমের শপথ গ্রহণ সংসদে জোটটির প্রতিনিধিত্ব আরও জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।