Thursday, May 7, 2026

দুর্গাপুরে বন্য হাতির আক্রমণে তরুণ কৃষকের মৃত্যু


ফাইল ছবিঃ বন্য হাতি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নেত্রকোনা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্য হাতির আক্রমণে এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম পার্থ রাংসা (১৯)। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার সকালে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ জানায়, উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা পার্থ রাংসা মঙ্গলবার রাতে ধানক্ষেত পাহারা শেষে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ একটি বন্য হাতির মুখোমুখি হলে তিনি আক্রমণের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে ওই এলাকায় বন্য হাতির চলাচল বেড়েছে, ফলে কৃষকদের মধ্যে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

প্রশাসন জানিয়েছে, বন্য হাতির উপদ্রব ঠেকাতে এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন