- ০৪ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্য শপথ নিয়েছেন। রোববার রাত ৯টার দিকে জাতীয় সংসদের শপথকক্ষে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শপথ নেওয়া সদস্যদের মধ্যে বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন রয়েছেন। শপথ শেষে সদস্যরা নিয়ম অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের মোট সংখ্যা ৫০টি। এর মধ্যে এখনো একটি আসনের সদস্য শপথ নেননি। জামায়াত জোটের ওই আসনে প্রার্থী নির্বাচন সংক্রান্ত জটিলতার কারণে বিষয়টি ঝুলে রয়েছে। প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা রিট এখনো বিচারাধীন। অন্যদিকে, আরেক প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন আদালতের নির্দেশে বৈধ হলেও তাকে এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়নি।