- ০৪ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩ মে) রাত সাড়ে ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে রাত সাড়ে ৯টার দিকে পুরান বাউশিয়া এলাকার কেন্দ্রীয় বড় মসজিদের সামনে থেকে শরিফ (২৭) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এরপর রাত সাড়ে ১০টার দিকে টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর এলাকায় অভিযান চালিয়ে আলমগীর খন্দকার (৫০) নামে আরেকজনকে তার দোকান থেকে আটক করা হয়। পুলিশ জানায়, তিনি সেখানে মাদক বিক্রি করছিলেন। তার কাছ থেকে ১৯ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৪১০ টাকা জব্দ করা হয়।
একই রাতে পৃথক আরেক অভিযানে বৈদ্দারগাঁও এলাকা থেকে তানভীর আহাম্মেদ তুহিন (৩৫) নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে জনসাধারণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।