Tuesday, May 5, 2026

মুক্তাগাছায় ট্রাক–সিএনজি সংঘর্ষে ৪ জন নিহত


ছবিঃ মুক্তাগাছায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকসার সংঘর্ষ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ময়মনসিংহ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ চারজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুর প্রায় পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতা এলাকার মনতলা সমিতি ঘর সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী একটি বালুবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রাকটি সড়কে উল্টে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় ট্রাকের চালক ও হেলপার এবং অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে আরও একজনের মৃত্যু হয় বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন