- ১৮ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক। PNN
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের চাচাতো ভাই ওয়াসিম আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দীর্ঘ প্রায় ১৪ বছরের যুদ্ধের সময় সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার দামেস্কের চতুর্থ ফৌজদারি আদালত ওয়াসিম আল-আসাদের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। বিচারক ফখর আল-দীন আল-আরিয়ান জানান, একাধিক হত্যাকাণ্ডের পাশাপাশি নির্যাতন ও নৃশংসতার মাধ্যমে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব অপরাধকে আদালত মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করেছে।
রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় ওয়াসিম আল-আসাদকে দেখা যায়। বিচারকদের সামনে দাঁড়িয়েই তাকে মৃত্যুদণ্ডের সাজা শুনতে হয়।
এই রায়ের মধ্য দিয়ে আসাদ পরিবারের কোনো সদস্য প্রথমবারের মতো সিরিয়ার আদালতে সশরীরে বিচার শেষে মৃত্যুদণ্ড পেলেন। এর আগে বাশার আল-আসাদ ও তার ভাই মাহের আল-আসাদকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে তারা রাশিয়ায় নির্বাসনে থাকায় গত সপ্তাহে তাদের অনুপস্থিতিতেই সেই রায় ঘোষণা করা হয়েছিল।
দামেস্ক থেকে আল জাজিরার প্রতিবেদক ওবাইদা হিত্তো বলেন, ওয়াসিম আল-আসাদের বিচার ও সাজা সিরিয়ার চলমান বিচারপ্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ, ক্ষমতাচ্যুত শাসক পরিবারের এই সদস্যকে আদালতে হাজির করেই বিচার শেষ করা হয়েছে।
ওয়াসিম আল-আসাদের বিরুদ্ধে ২০১১ সালের শুরু থেকে বিভিন্ন অনিয়মিত সশস্ত্র গোষ্ঠী গঠন ও নেতৃত্ব দেওয়ার অভিযোগ ছিল। পূর্ব ঘৌতায় সরকারি বাহিনীর সামরিক অভিযানে অংশ নেওয়া এবং বেসামরিক মানুষের বসতিতে হামলার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়। বিশেষ করে আল-মুলাইহা এলাকায় সামরিক অভিযানে বহু বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ ছিল।
এ ছাড়া মাদক পাচার এবং সরকারপন্থী আধাসামরিক গোষ্ঠী পরিচালনার অভিযোগেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় ছিলেন ওয়াসিম আল-আসাদ। তবে আদালত মাদক পাচারের অভিযোগ থেকে তাকে খালাস দিয়েছেন। তার সরাসরি সম্পৃক্ততার বিষয়ে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় এই অভিযোগে তাকে দায়ী করা হয়নি।
সিরিয়ায় বাশার আল-আসাদের দুই দশকের বেশি সময়ের শাসনামলে সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার করতে বর্তমানে বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। দেশটির চলমান রূপান্তরকালীন বিচারব্যবস্থার অংশ হিসেবে সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক মামলা ও বিচার চলছে।
ওয়াসিম আল-আসাদের মৃত্যুদণ্ড সেই বিচারপ্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে আসাদ পরিবারের একজন সদস্যকে দেশের মাটিতে আদালতে হাজির করে সাজা দেওয়ার ঘটনা সিরিয়ার সাম্প্রতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।