Saturday, August 8, 2026

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১২


ছবিঃ যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাসকে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় বাসচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নলকা ওভারব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহরের দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসচালকসহ দুজন মারা যান।

সংঘর্ষে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহগুলো সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম শনিবার (৮ আগস্ট) সকালে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনায় বাসচালকসহ দুজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন