Saturday, August 8, 2026

গুরুদাসপুরে বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল তিন গরু ব্যবসায়ীর


ছবিঃ নাটোরে বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নাটোর

নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজিরহাট তালবাড়িয়া গ্যাসপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল এলাকার আব্দুর রহমান (৭০), ধামানিয়াপাড়া এলাকার আক্কাস আলী (৫৮) ও তার ছোট ভাই জাহাঙ্গীর আলম (৪৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তিনজন নছিমনে করে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটের উদ্দেশে যাচ্ছিলেন। পথে হাজিরহাট তালবাড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা আরআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনটির সরাসরি সংঘর্ষ হয়।

সংঘর্ষের ধাক্কায় বাসটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে কাচ ভেঙে যায়। তবে বাসে থাকা কোনো যাত্রী হতাহত হননি। অন্যদিকে নছিমনে থাকা তিন গরু ব্যবসায়ী গুরুতর আহত হন।

বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার পর আব্দুর রহমান বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আক্কাস আলীকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপর আহত জাহাঙ্গীর আলমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

ওসি মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, একই পরিবারের দুই ভাইসহ তিন গরু ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন