Tuesday, April 21, 2026

সিংগাইরে এসএসসি কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী, অনিয়মে শিক্ষক সরানোর নির্দেশ


ফাইল ছবিঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কিছু অনিয়মের অভিযোগ পাওয়ার পর মন্ত্রী তাৎক্ষণিকভাবে দুই কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। এ ঘটনায় পরীক্ষাকেন্দ্রে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয় বলে জানা গেছে।

জানা যায়, শিক্ষামন্ত্রী কোনো পূর্বঘোষণা বা প্রোটোকল ছাড়াই ঢাকার বাইরে এই দুটি কেন্দ্রে যান। তাঁর গাড়িতে কোনো আনুষ্ঠানিক পতাকা বা প্রটোকল ব্যবস্থা ছিল না বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

পরবর্তীতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেন যাতে অনিয়মের সঙ্গে জড়িত শিক্ষকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এদিকে, একই দিনে সারা দেশে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

বোর্ডভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন