- ০২ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। সিলেট
সিলেটের জৈন্তাপুরে গণসংযোগ কর্মসূচি শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে বহরের একটি চলন্ত গাড়ির কাচ ভেঙে যায়। কাচের টুকরো ও ইটের আঘাতে দলটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দুজন আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি।
তবে জৈন্তাপুর ও শাহপরান থানা-পুলিশ তাদের নিজ নিজ এলাকায় এমন কোনো হামলার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে এনসিপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে। পরে রাতেই সিলেট সার্কিট হাউসে ফিরে জরুরি সংবাদ সম্মেলন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, জৈন্তাপুরের কর্মসূচি শেষ করে গাড়িবহর নিয়ে ফেরার কয়েক মিনিটের মধ্যেই তাদের বহনকারী গাড়িতে বড় একটি ইট ছোড়া হয়। ইটের আঘাতে গাড়ির জানালার কাচ ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
তিনি বলেন, ভাঙা কাচ ও ইটের আঘাতে তার হাতে কেটে রক্তপাত হয়। গাড়িতে থাকা এক সফরসঙ্গীও আহত হয়েছেন। ইটটি মাথায় আঘাত করলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এনসিপির এই নেতা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে তাদের নেতাকর্মীদের লক্ষ্য করে হামলা ও বাধা দেওয়া হচ্ছে। এসব ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, গাড়িবহরের সামনে ও পেছনে পুলিশের টহল ছিল এবং একজন অতিরিক্ত পুলিশ সুপারের (এএসপি) প্রটোকলও ছিল। এরপরও এ ধরনের ঘটনা কীভাবে ঘটল, তা তদন্ত করে দায়ীদের শনাক্ত করার দাবি জানান তিনি।
এদিকে সিলেট জেলা এনসিপির সদস্যসচিব কামরুল আরিফ বলেন, চলন্ত গাড়িবহরকে লক্ষ্য করে পাথর বা ইট ছোড়া হয়েছে। তবে হামলায় জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
অন্যদিকে অভিযোগটি নাকচ করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে এনসিপির নেতাদের গাড়িবহরকে সীমান্ত এলাকা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। থানা এলাকার মধ্যে কোনো হামলার ঘটনা ঘটেনি।
শাহপরান থানা-পুলিশও তাদের আওতাধীন এলাকায় এনসিপির গাড়িবহরে হামলার কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) সিলেটের গোলাপগঞ্জে কর্মসূচি শেষে ফেরার পথে এনসিপি নেতা সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলার অভিযোগ ওঠে। তারও আগে মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে দলটির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করে এনসিপি।
এনসিপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাদের সাম্প্রতিক কর্মসূচিগুলোকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে বাধা ও হামলা চালানো হচ্ছে। তবে এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য বা প্রমাণ প্রকাশ করা হয়নি।