Saturday, August 1, 2026

মির্জাপুরে সরকারি প্রতিষ্ঠানে ঢোকার চেষ্টা, গণপিটুনিতে যুবকের মৃত্যু


ছবিঃ টাঙ্গাইলে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে একজন নিহত (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরে নির্মাণাধীন একটি সরকারি প্রতিষ্ঠানে দিনের বেলায় প্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয়দের গণপিটুনিতে শুকুর আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অন্য কয়েকজন একটি পিকআপে করে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কদিমধল্যা এলাকায় নির্মাণাধীন ‘রোড অপারেশনাল ইউনিট’ প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নিহত শুকুর আলী কালিহাতী উপজেলার নারান্দিয়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে একটি পিকআপে করে ছয় থেকে সাতজন ওই প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে আসে। তারা জোরপূর্বক প্রতিষ্ঠানের ভেতরে ঢোকার চেষ্টা করলে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী খোকন শেখ বাধা দেন।

এ সময় উপস্থিত ব্যক্তিরা নিরাপত্তাকর্মীকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা শুকুর আলীকে আটক করে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সময় সঙ্গে থাকা অন্য পাঁচ থেকে ছয়জন পিকআপে করে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান।

খবর পেয়ে মির্জাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শুকুর আলীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে হামলায় আহত নিরাপত্তাকর্মী খোকন শেখকে স্থানীয় জামুর্কী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম জানান, খোকন শেখের মাথায় আঘাত লেগেছে এবং সেখানে সেলাই দেওয়া হয়েছে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রমিজ রায়হান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, শুকুর আলী ওই প্রতিষ্ঠানে চুরির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করেছিলেন। স্থানীয়দের মারধরে তার মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির অভিযোগে চারটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

তবে ঘটনাটি সংঘবদ্ধ ডাকাতির চেষ্টা ছিল কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলেনি পুলিশ। ওসি বলেন, বিষয়টি তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও অন্যদের সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন