Saturday, August 1, 2026

ছোট ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু


প্রতীকী ছবিঃ ত্রিশালে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ছোট ভাইকে পানিতে ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়েছিল বড় ভাই। তবে সাঁতার না জানায় শেষ পর্যন্ত দুই ভাইকেই প্রাণ হারাতে হয়েছে। এ ঘটনায় পাটুলী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু একই গ্রামের বাসিন্দা রিপন মিয়ার ছেলে জোবায়েদ (৮) ও শামিম (৫)। জোবায়েদ বড় এবং শামিম ছোট ভাই।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার পর শরীরে লেগে থাকা কাদা পরিষ্কার করতে দুই ভাই পানিতে নামে। একপর্যায়ে ছোট ভাই শামিম গভীর অংশে চলে গিয়ে পানিতে তলিয়ে যায়।

ছোট ভাইকে ডুবতে দেখে তাকে উদ্ধারের চেষ্টা করে বড় ভাই জোবায়েদ। সে দ্রুত পুকুরে ঝাঁপ দিলেও সাঁতার না জানায় কিছুক্ষণের মধ্যেই সেও পানিতে তলিয়ে যায়।

দুই শিশুকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। পরে তাদের মা পুকুরপাড়ে গিয়ে পানিতে একজনকে ভাসতে দেখে চিৎকার দেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

স্থানীয়রা পুকুরে নেমে দুই ভাইকে উদ্ধার করে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে পরিবারের সদস্যরা দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছিল।

দুই সন্তানের আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। মর্মান্তিক এ ঘটনায় এলাকায়ও গভীর শোকের সৃষ্টি হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন