- ০১ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। বগুড়া
বগুড়ার কাহালু উপজেলায় মাছবাহী একটি পিকআপের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পিকআপের চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ী রয়েছেন। দুর্ঘটনায় পিকআপটি দুমড়েমুচড়ে যায়।
শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম লুৎফর রহমান বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে অন্য তিনজনের পরিচয় নিশ্চিত করা যায়নি। তাদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নওগাঁয় মাছ বিক্রি শেষে একটি পিকআপ বগুড়ার দিকে ফিরছিল। সকাল ১০টার দিকে গাড়িটি কাহালুর কাজীপাড়া বউবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে নওগাঁর উদ্দেশে যাওয়া ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ী নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে কাহালু থানা-পুলিশের সহযোগিতায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহত চারজনের মধ্যে একজনের নাম লুৎফর রহমান বলে জানা গেছে। অন্য তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।