- ১৭ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নোয়াখালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় একটি বিএনপি কার্যালয় ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিনার দোকান এলাকায় কয়েক দফায় এ সংঘর্ষ ঘটে।
আহতদের মধ্যে যুবদল নেতা আনোয়ার হোসেন (৩২), রিপন মিয়া (২৭), ফারুক (২৭), সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রশিবির সভাপতি ওসমান (২৪) এবং সেক্রেটারি রিফাত (২৫) রয়েছেন। তবে আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, সিরাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেমের ছেলে মুজাহিদ সিরাজপুর পিএল একাডেমি মাঠে ছাত্রদলের এক কর্মীকে ডেকে নিয়ে মারধর করেন।
এর কিছু সময় পর ছাত্রদল কর্মীদের হাতে শিবিরের এক কর্মী মারধরের শিকার হয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত প্রায় ১১টার দিকে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ ওঠে। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।