Saturday, August 8, 2026

সিলেট থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নিহত, আহত ২


ছবিঃ সাইফুল ইসলাম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। সিলেট 

সিলেট ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ঠিকাদার সাইফুল ইসলাম (৫৫)। শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।

এ দুর্ঘটনায় সাইফুল ইসলামের দুই বন্ধু কুলিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক ও আব্দুল লতিফ গুরুতর আহত হয়েছেন। ফারুকুল ইসলাম ফারুক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সাইফুল ইসলাম কুলিয়ারচর উপজেলার গোবরিয়া লক্ষ্মীপুর এলাকার মৃত সাফি উদ্দিনের ছেলে। তিনি একসময় কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, গত ৪ আগস্ট রাতে সাইফুল ইসলামসহ পাঁচ বন্ধু কুলিয়ারচর থেকে সিলেটের উদ্দেশে রওনা হন। সেখানে তিন দিন অবস্থান করে তারা রাতারগুল, জাফলংসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখেন। ভ্রমণের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেন তারা।

ভ্রমণ শেষে শুক্রবার সকালে পাঁচ বন্ধুর মধ্যে সাইফুল, ফারুকুল ইসলাম ফারুক ও আব্দুল লতিফ ইউনিক পরিবহণের একটি বাসে করে ভৈরবের উদ্দেশে রওনা হন। অন্য দুই বন্ধু কামরুজ্জামান রানা ও জমরুদ মিয়া ব্যবসায়িক কাজে ঢাকায় যাওয়ার জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে রওনা দেন।

বাসে করে ফেরার পথে ওসমানীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা বেঙ্গল পরিবহণের একটি বাসের সঙ্গে তাদের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই সাইফুল ইসলামের মৃত্যু হয়। আহত হন তার দুই বন্ধু ফারুকুল ইসলাম ফারুক ও আব্দুল লতিফ।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর কুলিয়ারচরে শোকের আবহ তৈরি হয়। স্থানীয় বাসিন্দা মো. নাঈম আহমেদ বলেন, পাঁচ বন্ধু আনন্দের উদ্দেশ্যে সিলেট ঘুরতে গিয়েছিলেন। কিন্তু ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে তাদের একজনকে লাশ হয়ে ফিরতে হলো। সাইফুলের এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন।

কুলিয়ারচর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম মুছা বলেন, পাঁচ বন্ধু একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন। ফেরার সময়ও তারা নিজ নিজ গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু সড়ক দুর্ঘটনা সবকিছু বদলে দিয়েছে। তাদের একজনকে শেষ পর্যন্ত লাশ হয়ে ফিরতে হলো।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন