Friday, May 8, 2026

শিক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ইনস্ট্রাকচারে ফের সাইবার হামলা


প্রতীকী ছবিঃ সাইবার হামলা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

শিক্ষা প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইনস্ট্রাকচার আবারও সাইবার হামলার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। কয়েকদিন আগে শিক্ষার্থী ও শিক্ষকদের ব্যক্তিগত তথ্য চুরির ঘটনা প্রকাশ্যে আসার পর এবার প্রতিষ্ঠানটির জনপ্রিয় শিক্ষা প্ল্যাটফর্ম ক্যানভাস–এর একাধিক স্কুলের লগইন পেজ বিকৃত করে দিয়েছে হ্যাকাররা।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কুখ্যাত হ্যাকার গোষ্ঠী শাইনিহান্টার্স তিনটি পৃথক শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যানভাস লগইন পেজে নিজেদের বার্তা প্রকাশ করেছে। ওই বার্তায় দাবি করা হয়, প্রতিষ্ঠানটি তাদের সঙ্গে সমঝোতায় না এলে আগামী ১২ মে চুরি করা তথ্য প্রকাশ করে দেওয়া হবে।

বিশ্লেষণে দেখা গেছে, হ্যাকাররা একটি এইচটিএমএল ফাইল সংযুক্ত করে লগইন পেজের মূল কাঠামো পরিবর্তন করেছে। ফলে শিক্ষার্থীরা লগইন করতে গিয়ে হ্যাকারদের হুমকিমূলক বার্তা দেখতে পাচ্ছেন।

এদিকে হামলার পর কিছু সময়ের জন্য ইনস্ট্রাকচারের ওয়েবসাইটে প্রবেশে সমস্যা দেখা দেয়। অনেক ব্যবহারকারী “অনেক অনুরোধ” বার্তা দেখতে পান। একই সময়ে ক্যানভাস প্ল্যাটফর্মে “নির্ধারিত রক্ষণাবেক্ষণ চলছে” বলে একটি নোটিশ দেখানো হচ্ছিল।

এ ঘটনায় ইনস্ট্রাকচার আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এর আগে চলতি সপ্তাহেই প্রতিষ্ঠানটি স্বীকার করেছিল, এক সাইবার হামলায় শিক্ষার্থীদের নাম, ব্যক্তিগত ইমেইল ঠিকানা এবং শিক্ষক-শিক্ষার্থীদের ব্যক্তিগত বার্তাসহ বিভিন্ন তথ্য চুরি হয়েছে। তখনও শাইনি হান্টার্স এই হামলার দায় স্বীকার করেছিল।

হ্যাকার গোষ্ঠীটির দাবি, তারা বিশ্বের প্রায় ৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করেছে, যেখানে প্রায় ২৩ কোটি মানুষের তথ্য রয়েছে বলে অভিযোগ করা হয়। যদিও এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে শাইনি হান্টার্স একই কৌশলে বিভিন্ন প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করছে। প্রথমে তথ্য চুরি, পরে তা প্রকাশের হুমকি দিয়ে অর্থ আদায়ের চেষ্টা এটাই তাদের প্রধান কৌশল।

বিশেষজ্ঞদের মতে, শিক্ষা খাতে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকদের তথ্য নিরাপত্তা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন