Friday, May 8, 2026

আকুর বিল পরিশোধে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৪ বিলিয়নের নিচে


প্রতীকী ছবিঃ বাংলাদেশ ব্যাংক (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) ব্যবস্থার আওতায় মার্চ ও এপ্রিল মাসের আমদানি বিল বাবদ ১৫১ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। বড় অঙ্কের এই পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ আবারও ৩৪ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যের দায় সাধারণত প্রতি দুই মাস অন্তর আকুর মাধ্যমে নিষ্পত্তি করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৬ মে পর্যন্ত দেশের গ্রোস বা মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩৪ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে একই সময়ে রিজার্ভ ছিল ৩০ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।

তবে আকুর বিল পরিশোধের পর গ্রোস রিজার্ভ কমে দাঁড়িয়েছে প্রায় ৩৩ দশমিক ৮০ বিলিয়ন ডলারে। একই সঙ্গে বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ নেমে এসেছে প্রায় ২৯ দশমিক ১২ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, রিজার্ভ কমলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। বর্তমানে দেশের নিট আন্তর্জাতিক রিজার্ভ প্রায় ২৭ বিলিয়ন ডলারের কাছাকাছি রয়েছে, যা দিয়ে প্রায় পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অন্তত তিন মাসের আমদানি ব্যয় সমপরিমাণ রিজার্ভ থাকলে সেটিকে নিরাপদ ধরা হয়। সে বিবেচনায় বাংলাদেশ এখনো তুলনামূলক স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু হলো সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃদেশীয় বাণিজ্য লেনদেন নিষ্পত্তির একটি আঞ্চলিক ব্যবস্থা। এর সদর দপ্তর ইরানের তেহরানে অবস্থিত। বাংলাদেশ, ভারত, ভুটান, ইরান ও মিয়ানমারসহ মোট নয়টি দেশ এই ব্যবস্থার সদস্য। অর্থনৈতিক সংকটের কারণে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বর্তমানে শ্রীলঙ্কার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন