Friday, May 8, 2026

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগে ধীরগতি, আলোচনায় মিকালো ও কোলম্যান


ছবিঃ কোচ রোজেরিও মিকালো ও নেইমার (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি। সম্ভাব্য কোচদের তালিকা তৈরি হলেও বেতন কাঠামো, কোচিং স্টাফ এবং আর্থিক সামর্থ্য নিয়ে আলোচনা চলায় সিদ্ধান্ত নিতে সময় লাগছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।

বাফুফে সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে কয়েকজন বিদেশি কোচের সংক্ষিপ্ত তালিকা করা হলেও পরে সেটি আরও বিস্তৃত করা হয়েছে। বর্তমানে ১১ জন কোচের নাম যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদের মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছেন ব্রাজিলিয়ান কোচ রোজেরিও মিকালো। তিনি মাসিক ৩৫ হাজার মার্কিন ডলার বেতন দাবি করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ লাখ টাকার কাছাকাছি। বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটন জানিয়েছেন, আলোচনার মাধ্যমে এই অঙ্ক কমানোর সুযোগ রয়েছে।

রোজেরিও মিকালো আন্তর্জাতিক ফুটবলে পরিচিত নাম। তার অধীনে ব্রাজিল অনূর্ধ্ব দল রিও অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিল। সেই দলে অধিনায়ক ছিলেন নেইমার। অভিজ্ঞতা ও সাফল্যের কারণে মিকালোকে নিয়ে বাফুফের আগ্রহ বেশি বলে জানা গেছে।

তবে উচ্চ বেতনের কারণে আর্থিক চাপে পড়েছে বাফুফে। এজন্য ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তাও চাওয়া হয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নীতিগত সহযোগিতার আশ্বাস দিলেও আগে বাফুফেকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলেছেন।

কোচের তালিকায় আরও রয়েছেন ওয়েলসের সাবেক ফুটবলার ও কোচ ক্রিস কোলম্যান। তিনি মাসিক প্রায় ৩০ হাজার ডলার বেতন চেয়েছেন। কোচিং ক্যারিয়ারে তিনি ফুলহাম, সান্ডারল্যান্ড এবং গ্রিসের ক্লাবগুলোর দায়িত্ব পালন করেছেন। খেলোয়াড়ি জীবনেও তিনি ম্যানচেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেস-এর হয়ে খেলেছেন।

বাফুফে কর্মকর্তারা জানিয়েছেন, শুধুমাত্র প্রধান কোচ নয়, তার সহকারী কোচ ও পুরো কোচিং স্টাফের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। সম্ভাব্য কোচরা তাদের সঙ্গে কারা কাজ করবেন, সে সম্পর্কেও বিস্তারিত জানতে চাইছেন।

এর আগে তিন দিনের মধ্যে কোচের নাম ঘোষণা করার কথা বলা হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিলটন জানিয়েছেন, সাক্ষাৎকার ও অন্যান্য বিষয় যাচাই করতে আরও কিছু সময় লাগবে।

বাফুফের সভাপতি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। এর মধ্যে সম্ভাব্য কোচদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক ও আলোচনা অব্যাহত রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন