Friday, May 8, 2026

আইসিসির মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় নাহিদ রানা


ছবিঃ এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে নাহিদ রানা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দুর্দান্ত বোলিং নৈপুণ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অবস্থান আরও শক্ত করলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে স্মরণীয় পারফরম্যান্সের পর এবার আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তিনি।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন তালিকা প্রকাশ করে। সেখানে বাংলাদেশের নাহিদ রানার সঙ্গে রয়েছেন ওমানের অধিনায়ক জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের পেসার অজয় কুমার।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ছন্দে ছিলেন নাহিদ। তিন ম্যাচের সিরিজে তিনি মোট ৮ উইকেট শিকার করেন। তার বোলিং গড় ছিল ১৬.৭৫ এবং ইকোনমি রেট ৪.৪৬। ধারাবাহিক নিয়ন্ত্রিত বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জিততে সহায়তা করেন এই ডানহাতি পেসার। সিরিজ শেষে তাকে সেরা খেলোয়াড়ও নির্বাচিত করা হয়।

আইসিসির মনোনয়ন তালিকায় থাকা আরেক ক্রিকেটার জাতিন্দর সিং বিশ্বকাপ লিগ-২ এ ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন। ওমানের এই ওপেনার পাঁচ ম্যাচে ২৬৬ রান করেছেন, যেখানে তার গড় ছিল ৫৩-এর বেশি। নেপালের বিপক্ষে একটি ঝড়ো সেঞ্চুরিও করেন তিনি।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের বোলার অজয় কুমার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই আলোচনায় রয়েছেন। প্রথম দুই ওয়ানডেতে তিনি ৯ উইকেট নিয়ে নজর কাড়েন। বিশেষ করে ওমানের বিপক্ষে ৬ উইকেট শিকার করে আলোচনায় উঠে আসেন এই তরুণ পেসার।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক পারফরম্যান্সে নাহিদ রানা বাংলাদেশের পেস আক্রমণে নতুন সম্ভাবনার নাম হয়ে উঠেছেন। তার গতি, নিয়ন্ত্রণ ও ধারাবাহিকতা ভবিষ্যতের জন্য বড় আশার বার্তা দিচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন