Saturday, May 2, 2026

শিক্ষা ক্যালেন্ডারে বড় পরিবর্তনের পরিকল্পনা, ডিসেম্বরেই শেষ হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা


ছবিঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষ মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

দেশের শিক্ষা ব্যবস্থার অ্যাকাডেমিক ক্যালেন্ডারে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বর মাসের মধ্যেই শেষ করা এবং দ্রুত ফলাফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী জানান, নতুন ব্যবস্থায় ডিসেম্বর মাসকে শিক্ষাবর্ষের শেষ ধরা হবে। এ সময়ের মধ্যেই সব ধরনের ক্লাস টেস্ট, সিলেবাস শেষ করা এবং বোর্ড পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করতে পারলে পরবর্তীতে জানুয়ারি মাসেই মাধ্যমিক পর্যায়ে ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে। একই সঙ্গে দ্রুত ফল প্রকাশ করে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ভর্তি প্রক্রিয়াও সম্পন্ন করা হবে।

নতুন পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীরা প্রায় ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করবে। এতে শিক্ষাজীবনে কোনো ধরনের সেশনজট থাকবে না বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী আরও জানান, সরকার নতুন শিক্ষাক্রম ও সিলেবাস নিয়ে কাজ করছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে ২০২৭ সাল থেকে নতুন এই সময়সূচি কার্যকর করার লক্ষ্য রয়েছে। তবে এটি বাস্তবায়ন নির্ভর করবে নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করা সম্ভব কি না তার ওপর।

তিনি বলেন, “আমরা চাই একটি নির্দিষ্ট অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করতে, যেখানে ডিসেম্বরেই শিক্ষাবর্ষ শেষ হবে এবং সব কার্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হবে।”

মন্ত্রী আরও উল্লেখ করেন, ২০২৬, ২০২৭ বা পরবর্তী বছরগুলোকে আলাদাভাবে না দেখে একটি সুসংগঠিত পরিকল্পনার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়াই মূল লক্ষ্য। তাঁর মতে, সময়মতো পরীক্ষা, ফল প্রকাশ এবং ভর্তি কার্যক্রম সম্পন্ন হলে শিক্ষার্থীরা নিরবচ্ছিন্নভাবে উচ্চশিক্ষায় প্রবেশ করতে পারবে।

সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা আনা, সেশনজট দূর করা এবং শিক্ষার্থীদের সময়মতো শিক্ষাজীবন সম্পন্ন করার সুযোগ তৈরি করা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন