- ২১ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর পশ্চিম পাশে ঝোপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করেছে র্যাব। তবে অভিযানের সময় অস্ত্রগুলোর সঙ্গে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টার দিকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে র্যাব কর্মকর্তা ক্যাপ্টেন মো. রওনক এরফান খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল কাঁচপুর সেতুর পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।
পরে সন্দেহজনকভাবে ওই এলাকার ঝোপঝাড়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, কাঁচপুর সেতুর পশ্চিম পাশের ওই এলাকাটি ছিনতাইকারী ও মাদকসেবীদের আনাগোনার জন্য পরিচিত। উদ্ধার করা অস্ত্রগুলো সেখানে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
উদ্ধার করা অস্ত্র, গুলি ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। একই সঙ্গে অস্ত্রগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।