- ০৯ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ঢাকার সাভার পৌর এলাকার ছায়াবিথি মহল্লার একটি ভাড়া বাসা থেকে রিয়া মনি (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছে পরিবার।
সোমবার রাতে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটের তালা ভেঙে রিয়ার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত রিয়া মনি নোয়াখালীর মাইজদী এলাকার বাসিন্দা আব্দুর রবের মেয়ে। তিনি স্বামী রনি ইসলামের সঙ্গে সাভারের ছায়াবিথি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্র জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনদের অভিযোগ, রনিই তার স্ত্রীকে হত্যা করে বাসায় তালা লাগিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহতের মামা সাদ্দাম হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
তিনি দাবি করেন, সম্প্রতি একটি রাজনৈতিক সংগঠনের স্থানীয় কমিটিতে পদ পাওয়ার পর রনি বিভিন্ন বিষয় নিয়ে রিয়ার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন। পারিবারিক বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পরিবারের ধারণা।
রিয়ার নানি জাহানারা বেগম বলেন, রিয়ার বাবা-মা বিদেশে থাকেন। পরিবারের একমাত্র মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তাদের বিশ্বাস। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী জানান, ফ্ল্যাটের তালা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে থানার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে শ্বাসরোধে মৃত্যুর আলামত পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত চলছে।