- ০৯ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রচারপত্র তৈরির অভিযোগে এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে পৌরসভার বিবিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে প্রশাসন জানতে পারে যে বিবিরহাট বাজারের একটি কম্পিউটার ও প্রিন্টিং প্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠনের লিফলেট প্রস্তুত করা হচ্ছে। এমন তথ্যের পরিপ্রেক্ষিতে রাত সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে বক্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমি আক্তার (৩৫) এবং কম্পিউটার প্রতিষ্ঠানের কর্মী উজ্জ্বল বড়ুয়া (৪০)-কে আটক করা হয়। তারা দুজনই বক্তপুর ইউনিয়নের বাসিন্দা।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট কিছু আলামতও জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, আটক দুইজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।