Tuesday, June 9, 2026

কক্সবাজারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে আটক ৬


ছবিঃ কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কক্সবাজার

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় মা ও মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে।

সোমবার (৮ জুন) গভীর রাতে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া ডলনিরঘোনা এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত আড়াইটার দিকে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নেয়। একপর্যায়ে বাড়িতে অবস্থানরত প্রবাসীর স্ত্রী ও তার দশম শ্রেণিতে অধ্যয়নরত মেয়ের ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে।

ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশের নেতৃত্বে একাধিক টিম এলাকায় অভিযান পরিচালনা করে।

ভুক্তভোগী পরিবারের এক স্বজন জানান, হামলাকারীরা অত্যন্ত নৃশংস আচরণ করেছে। চিকিৎসকরা কিশোরীটির শারীরিক অবস্থাকে উদ্বেগজনক বলে জানিয়েছেন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতি ও নারী নির্যাতনের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এদিকে ঘটনার পর স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকায় তল্লাশি জোরদার করে। মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন রেজাউল, মেহেদী, বাবু, কেফায়েত ও তানজিদসহ আরও একজন। তাদের সবাই পূর্ব বড়ভেওলা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মামলার তদন্তও চলছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন