Tuesday, June 9, 2026

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের মৃত্যু


ফাইল ছবিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় স্থলমাইন বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ সি ব্লকের বাসিন্দা এবং মো. আনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও সীমান্তরক্ষী বাহিনীর তথ্য অনুযায়ী, রেজু আমতলী সীমান্তের কাছাকাছি একটি বাগান এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে যাওয়ার সময় হঠাৎ একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আব্দুল খালেক গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা ছোট ভাই দ্রুত তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

বিজিবি জানিয়েছে, ঘটনাস্থলটি সীমান্তসংলগ্ন দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকা। বিভিন্ন সময় সতর্কতা জারি করা হলেও জীবিকার প্রয়োজনে অনেকেই এসব এলাকায় প্রবেশ করেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, মাইন বিস্ফোরণের ঘটনায় একজন রোহিঙ্গা যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, জীবন ও সম্পদের নিরাপত্তার স্বার্থে সীমান্তের ঝুঁকিপূর্ণ এবং নিষিদ্ধ এলাকাগুলো এড়িয়ে চলার জন্য স্থানীয় জনগণকে অনুরোধ জানানো হচ্ছে।

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি সীমান্তে অতীতেও একাধিকবার মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হতাহত হয়েছেন। ফলে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির দাবি দীর্ঘদিন ধরে উঠে আসছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন