- ২০ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। হবিগঞ্জ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)–এর সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ১৯৭৮ থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের ভেতরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের ঘন জঙ্গল ও দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তল্লাশির একপর্যায়ে মাটির নিচে বিশেষ কৌশলে পুঁতে রাখা অবস্থায় ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন এবং বিভিন্ন ধরনের ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে বিজিবির ধারণা, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অন্য কোনো অপরাধে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র ও গোলাবারুদগুলো সেখানে গোপনে রাখা হয়েছিল। তবে কারা এসব অস্ত্র সেখানে রেখেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি। একই সঙ্গে অস্ত্রগুলো সেখানে লুকিয়ে রাখার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং অভিযান চালানো হচ্ছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার ঠেকাতে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও তৎপরতা আরও বাড়ানো হবে।
বিজিবি আরও জানায়, গত তিন মাসে ৫৫ বিজিবির বিভিন্ন অভিযানে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকা থেকে প্রায় ৪১ লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও বিভিন্ন অবৈধ সামগ্রী আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৩৮ কেজি ভারতীয় গাঁজা, ২ হাজার ৫৮৫টি ইয়াবা, ৫৯ বোতল মদ ও ২১টি গরু।
সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় সাতছড়ি জাতীয় উদ্যান ও আশপাশের সংরক্ষিত বনাঞ্চলে চোরাচালানসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বন বিভাগের নজরদারি রয়েছে। মাটির নিচে অস্ত্র উদ্ধারের ঘটনায় ওই এলাকায় নিরাপত্তা তৎপরতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তা সামনে এসেছে।