Thursday, August 20, 2026

ফেনীতে দিনে-দুপুরে প্রবাসীর বাসায় লুট, ছুরি দেখিয়ে গৃহবধূকে জিম্মি


ছবিঃ ফেনীতে দিনের বেলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ফেনী 

ফেনী শহরে প্রকাশ্য দিবালোকে এক প্রবাসীর বাসায় ঢুকে গৃহবধূকে ছুরি দেখিয়ে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শহরের আবাসিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে শহরের মহিপাল ফলের আড়তসংলগ্ন রেহান ম্যানশনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী শাহানা আক্তার।

শাহানা আক্তারের ভাষ্য, ঘটনার সময় বাসায় তিনি একাই ছিলেন। তাঁর স্বামী মো. নুরুজ্জামান সৌদি আরবে থাকেন এবং তাঁদের একমাত্র ছেলে সামাউন রেহান নবম শ্রেণিতে পড়াশোনা করে। ঘটনার সময় ছেলে বিদ্যালয়ে থাকায় বাসায় কাউকে সঙ্গে পাননি তিনি।

শাহানা জানান, সকালে কলিংবেলের শব্দ শুনে দরজা খুলতেই দুই ব্যক্তি জোর করে বাসায় ঢুকে পড়েন। এরপর তাঁকে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং মুখ বেঁধে ফেলা হয়। একপর্যায়ে গলা চেপে ধরে তাঁকে জিম্মি করে বাসার বিভিন্ন স্থানে রাখা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে দ্রুত চলে যান তারা।

ভুক্তভোগীর দাবি, লুট হওয়া অর্থের মধ্যে নগদ ১০ লাখ ৬০ হাজার টাকা এবং প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার রয়েছে।

ঘটনার পর আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন শাহানা আক্তার। খবর পেয়ে স্বজনরা তাঁকে দেখাশোনা করেন। স্ত্রীর বাসায় ডাকাতির খবর পেয়ে সৌদি আরব থেকে দেশে ফেরার উদ্দেশে রওনা হয়েছেন তাঁর স্বামী নুরুজ্জামান।

এদিকে ঘটনার সিসিটিভি ফুটেজ বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ফেনী শহরে ব্যাপক আলোচনা শুরু হয়। দিনের বেলায় একটি আবাসিক ভবনে ঢুকে এমন লুটের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) সাজেদ কামাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ভুক্তভোগী অসুস্থ থাকায় তাৎক্ষণিকভাবে তাঁর কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়া সম্ভব হয়নি। তিনি কিছুটা সুস্থ হলে বৃহস্পতিবার তাঁর সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন