- ২০ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে চাঞ্চল্যকর মহর আলী ও তাঁর ভাতিজা স্বপন মিয়া হত্যা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম জানান, পূর্ববিরোধের জেরে ২০১৬ সালের ১৬ মে রাতে মহর আলী ও তাঁর ভাতিজা স্বপন মিয়াকে গানবাজনার কথা বলে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। সাখাওয়াত ও সোহেল নামে দুই আসামি তাঁদের ডেকে নিয়ে যান।
পরে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার ভানু ফকিরের পাটখেতে নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে দুজনকে হত্যা করা হয়। ঘটনার তিন দিন পর ওই পাটখেত থেকে তাঁদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত স্বপন মিয়ার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় ২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মামলাটিতে ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে বৃহস্পতিবার আদালত ১৪ আসামির বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। এর মধ্যে সাতজনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে নিহতদের স্বজন ও স্থানীয়দের উপস্থিতি ছিল। দীর্ঘদিন পর মামলার রায় হওয়ায় স্বজনদের মধ্যে স্বস্তি দেখা গেছে।