Thursday, June 25, 2026

শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু ৮ মে


প্রতীকী ছবিঃ মাউশি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

মাধ্যমিক, মাদ্রাসা (দাখিল) ও কারিগরি (ভোকেশনাল) শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শারীরিক শিক্ষা শিক্ষকদের জন্য ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু হচ্ছে আগামী ৮ মে। এক সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ চলবে ১৪ মে পর্যন্ত।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সোমবার (৪ মে) এক বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রামের হালিশহরে অবস্থিত চট্টগ্রাম বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ-এ এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ১০০ জন শিক্ষককে মনোনীত করে তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের যাতায়াত ভাতা (টি.এ/ডি.এ) শারীরিক শিক্ষা বিভাগ বহন করবে। তবে ভাতা গ্রহণের জন্য বাস বা ট্রেনের টিকিট সংরক্ষণ করে বিলের সঙ্গে জমা দিতে হবে। এ ক্ষেত্রে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ভ্রমণ সুবিধা প্রযোজ্য নয়।

প্রশিক্ষণার্থীদের নিজ নিজ ব্যবহারের জন্য প্রয়োজনীয় বিছানাপত্র—যেমন বালিশ, কাঁথা, তোষক, মশারি ও চাদর সঙ্গে আনতে বলা হয়েছে। পাশাপাশি প্রত্যেককে দুটি পাসপোর্ট সাইজ ছবি এবং ক্রীড়া অনুশীলনের জন্য এক জোড়া কেডস আনতে হবে। মনোনীতদের প্রতিষ্ঠান প্রধানের ছাড়পত্রও সঙ্গে রাখতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রশিক্ষণার্থীদের আগামী ৭ মে বিকেল ৪টার মধ্যে প্রশিক্ষণস্থলে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। ৬ মে বিকেল থেকে সংশ্লিষ্ট শিক্ষকদের তাৎক্ষণিকভাবে দায়িত্বমুক্ত ধরা হবে এবং প্রশিক্ষণকালকে দায়িত্ব পালনকালীন ছুটি হিসেবে গণ্য করা হবে।

এছাড়া মনোনীত কোনো শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ না করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন