- ০৪ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
জনপ্রিয় ইন্টারনেট মিম ‘This is fine’–এর স্রষ্টা মার্কিন কার্টুনিস্ট কেসি গ্রিন অভিযোগ করেছেন, তার তৈরি কমিক অনুমতি ছাড়া ব্যবহার করেছে একটি এআই স্টার্টআপ।
ঘটনার সূত্রপাত একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট থেকে, যেখানে দেখা যায়, একটি সাবওয়ে স্টেশনে প্রদর্শিত বিজ্ঞাপনে তার আঁকা আগুনের মধ্যে বসে থাকা কুকুরের চিত্র ব্যবহার করা হয়েছে। তবে মূল সংলাপ পরিবর্তন করে সেখানে লেখা হয়েছে “my pipeline is on fire” এবং পাশে এআই সেবা ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
এই বিজ্ঞাপনটি তৈরি করেছে এআই কোম্পানি Artisan—এমন অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। গ্রিন জানান, এই ব্যবহার সম্পর্কে তাকে আগে জানানো হয়নি এবং তিনি কোনো অনুমতিও দেননি। তার ভাষায়, এটি “চুরি” এবং এআই প্রযুক্তির মাধ্যমে শিল্পীদের কাজ অননুমোদিতভাবে ব্যবহারের একটি উদাহরণ।
বিতর্কের মুখে কোম্পানিটি জানায়, তারা শিল্পীর প্রতি সম্মান জানায় এবং বিষয়টি নিয়ে তার সঙ্গে সরাসরি যোগাযোগের উদ্যোগ নিয়েছে। দুই পক্ষের মধ্যে আলোচনার জন্য সময়ও নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১৩ সালে গ্রিনের ওয়েবকমিক Gunshow-এ প্রথম প্রকাশিত হয় ‘This is fine’ দৃশ্যটি, যা পরবর্তীতে ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং জনপ্রিয় মিমে পরিণত হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি বিভিন্ন প্রসঙ্গে ব্যবহৃত হওয়ায় এর নিয়ন্ত্রণ অনেকটাই স্রষ্টার বাইরে চলে গেছে।
এর আগে অননুমোদিত ব্যবহারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার নজিরও রয়েছে। যেমন, কার্টুনিস্ট ম্যাট ফিউরি তার তৈরি ‘Pepe the Frog’ চরিত্র ব্যবহারের ঘটনায় একটি ওয়েবসাইটের বিরুদ্ধে মামলা করেছিলেন, যা পরে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হয়।
বর্তমান পরিস্থিতিতে গ্রিন জানিয়েছেন, তিনি আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। তবে এই প্রক্রিয়ায় সময় ও শ্রম ব্যয় হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেছেন। তার মতে, শিল্পীদের সৃজনশীল কাজের প্রতি সম্মান দেখানো এবং অনুমতি ছাড়া বাণিজ্যিক ব্যবহার বন্ধ করা জরুরি।