Thursday, May 7, 2026

শাপলা চত্বর ঘটনার বিচার দাবিতে হেফাজতের সমাবেশ, পাঁচ দফা ঘোষণা


ছবিঃ রাজধানীর লালবাগের হাজী আবদুল আলীম ঈদগাহ মাঠে হেফাজতে ইসলামের সমাবেশে বক্তব্য দেন নেতারা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

রাজধানীতে সমাবেশ করে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরের ঘটনার দ্রুত ও স্বচ্ছ বিচারসহ পাঁচ দফা দাবি জানিয়েছে হেফাজত-ই-ইসলাম বাংলাদেশ । মঙ্গলবার বিকেলে লালবাগের হাজি আবদুল আলীম ঈদগাহ মাঠে আয়োজিত এ সমাবেশে সংগঠনটির নেতারা এসব দাবি তুলে ধরেন।

সমাবেশে পাঁচ দফা দাবি ঘোষণা করেন হেফাজতের লালবাগ জোনের সাধারণ সম্পাদক বশিরুল হাসান খাদেমানি । দাবিগুলোর মধ্যে রয়েছে শাপলা চত্বরের ঘটনার বিচার নিশ্চিত করা, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা, আলেমদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং সংগঠনের ঘোষিত ১৩ দফা বাস্তবায়ন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) বলেন, ধর্মীয় নেতৃত্ব ও মূল্যবোধের প্রতি গুরুত্বারোপ করে তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দেন।

এ সময় সংগঠনের যুগ্ম মহাসচিব সাখাওয়াত হোসেন রাজি বলেন, তাদের ঘোষিত ১৩ দফা এখনো বাস্তবায়িত হয়নি। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

লালবাগ জোনের সভাপতি মুফতি জুবায়ের আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা দাবি করেন, শাপলা চত্বরের ঘটনাকে ঘিরে যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা জরুরি।

সমাবেশে বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, দাবিগুলো বাস্তবায়নে তারা ভবিষ্যতেও কর্মসূচি অব্যাহত রাখবেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন