- ১৫ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
সামিট এলএনজি টার্মিনাল থেকে আংশিকভাবে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে টার্মিনালটি জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থায় প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সামিট এলএনজি জানিয়েছে, পর্যায়ক্রমে গ্যাসের সরবরাহ বাড়ানো হবে। শনিবার (১৫ আগস্ট) রাত ২টার দিকে টার্মিনালটি দৈনিক প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতায় পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটি বলছে, সামিট এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বাড়লে দেশের শিল্প ও বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে গ্যাসের প্রাপ্যতা বাড়বে। এর ফলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার পাশাপাশি সামগ্রিক জ্বালানি ব্যবস্থার ওপর থাকা চাপও কিছুটা কমতে পারে।
সামিট এলএনজি জানিয়েছে, টার্মিনাল ও জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতা বিবেচনায় রেখে নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে ধাপে ধাপে গ্যাসের সরবরাহ বাড়িয়ে সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগানোর চেষ্টা চলছে।
প্রতিষ্ঠানটির মতে, শিল্প খাতের উৎপাদন অব্যাহত রাখা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল রাখতে পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করা এবং গ্যাসের ঘাটতি কমাতে পেট্রোবাংলা ও সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে সামিট এলএনজি।
টার্মিনালটির সরবরাহ পূর্ণ সক্ষমতায় পৌঁছালে জাতীয় গ্যাস ব্যবস্থায় বাড়তি গ্যাস যুক্ত হবে। এতে বিশেষ করে গ্যাসনির্ভর শিল্প ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো কিছুটা স্বস্তি পেতে পারে বলে আশা করা হচ্ছে।