- ০৮ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। পিরোজপুর
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই চিঠিতে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বলে জানা গেছে।
চিঠির তথ্য অনুযায়ী, জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারসংক্রান্ত ৩১ দফা কর্মপরিকল্পনা, নির্বাচনি অঙ্গীকার এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের প্রশংসাও করা হয়েছে। চিঠিতে দেশের জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো ওই চিঠি কোনো রাজনৈতিক দলের প্যাডে নয়, বরং একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসিয়াল প্যাডে লেখা হয়েছিল। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মিরাজুল ইসলাম।
সূত্র জানায়, অভিনন্দন বার্তার পাশাপাশি চিঠিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করার জন্য সময়সীমা আরও এক বছর বাড়ানোর অনুরোধও জানানো হয়েছে।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় উপজেলা আওয়ামী লীগের একজন শীর্ষ নেতার পক্ষ থেকে এ ধরনের চিঠি পাঠানো এবং সেটি প্রকাশ্যে আসার ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে মো. মিরাজুল ইসলামের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। স্থানীয় সূত্রের দাবি, গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।
চিঠির সত্যতা ও এর প্রেক্ষাপট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।