Monday, June 8, 2026

গাইবান্ধায় জমি বিরোধে কলেজছাত্র খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক ২ নারী


প্রতীকী ছবিঃ লাশের (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। গাইবান্ধা 

গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।

নিহত রুমন (১৮) গাইবান্ধা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। আহত রুহিত (২০) তার বড় ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালী ইউনিয়নের পূর্ব পিয়ারাপুর গ্রামের দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে রোববার রাতে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে বিরোধ উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত রাকিব ধারালো অস্ত্র দিয়ে রুহিতকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। বড় ভাইকে রক্ষা করতে এগিয়ে এলে রুমনের ওপরও হামলা চালানো হয়। এতে দুই ভাই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। আহত রুহিত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে গেলেও পুলিশ তদন্তের স্বার্থে তার মা ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন