- ১০ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের সাইবার হামলার ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। হামলার ফলে বহুল ব্যবহৃত শিক্ষা ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ক্যানভাস অচল হয়ে পড়ে, যার কারণে পরীক্ষা, অ্যাসাইনমেন্ট জমা ও অনলাইন ক্লাস কার্যক্রমে ব্যাপক বিঘ্ন ঘটে।
হামলার দায় স্বীকার করেছে সাইবার অপরাধী গোষ্ঠী শাইনিহান্টার্স। তারা দাবি করেছে, তারা প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান ইনস্ট্রাকচার–এর সিস্টেমে অনুপ্রবেশ করেছে এবং মুক্তিপণ না দিলে তথ্য ফাঁস করে দেওয়া হবে।
বিশ্বজুড়ে প্রায় ৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এই প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে। হামলার কারণে বহু বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা ও কোর্সওয়ার্ক ব্যাহত হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠান পরীক্ষা স্থগিত বা পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।
মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি শুক্রবারের নির্ধারিত ফাইনাল পরীক্ষা স্থগিত করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অব্রে পামার জানান, দীর্ঘ পরীক্ষার উত্তরপত্র জমা দেওয়ার সময় হঠাৎ পর্দায় মুক্তিপণের বার্তা ভেসে ওঠে। প্রথমে তিনি ব্যক্তিগতভাবে হ্যাক হয়েছেন বলে মনে করলেও পরে বুঝতে পারেন পুরো প্ল্যাটফর্ম আক্রান্ত হয়েছে।
অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্ল্যাটফর্মে লগইন না করার পরামর্শ দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক এই সাইবার ঘটনার কারণে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও পরীক্ষার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এছাড়া আইডাহো স্টেট ইউনিভার্সিটি নির্ধারিত কিছু পরীক্ষা বাতিল করেছে। Penn State University জানিয়েছে, প্ল্যাটফর্মে সাময়িকভাবে কারও প্রবেশাধিকার নেই এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও কম।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ও টরন্টো বিশ্ববিদ্যালয়–ও হামলার প্রভাবের কথা নিশ্চিত করেছে। একইভাবে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় লস অ্যাঞ্জেলেস–এর শিক্ষার্থীরা অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা দিতে সমস্যায় পড়েন।
এদিকে শিকাগো বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে তাদের ক্যানভাস সিস্টেম বন্ধ করে দেয়। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সংবাদপত্রে প্রকাশিত তথ্যে দেখা গেছে, হ্যাকাররা তথ্য প্রকাশ না করার বিনিময়ে গোপনে যোগাযোগ করে সমঝোতার আহ্বান জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার অন্যতম বড় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিশেষ করে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ও ক্লাউডভিত্তিক সিস্টেমের ওপর নির্ভরতা বাড়ায় ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।
যুক্তরাষ্ট্রের সিনেটের ডেমোক্র্যাট নেতা চক শুমার এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, প্রযুক্তিনির্ভর অবকাঠামোর ওপর হামলা ভবিষ্যতে আরও বড় ধরনের সামাজিক ও অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে।