Saturday, August 15, 2026

সাঈদী ছিলেন মানুষের হৃদয়ে বেঁচে থাকা মানুষ: শফিকুর রহমান


ছবিঃ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও ইসলামি চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

আন্তর্জাতিকভাবে পরিচিত ইসলামি চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী মানুষের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আল্লামা সাঈদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, কিছু মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেও মানুষের ভালোবাসা ও স্মৃতিতে তারা দীর্ঘকাল জীবিত থাকেন। আল্লামা সাঈদীও তেমনই একজন, যিনি তার বক্তব্য, ধর্মীয় জ্ঞান ও মানুষের সঙ্গে সম্পৃক্ততার কারণে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

তিনি বলেন, পাঁচ দশকেরও বেশি সময় ধরে সাঈদী দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে কোরআনের শিক্ষা ও ইসলামের দিকে মানুষকে আহ্বান জানিয়েছেন। শহরের বড় মঞ্চ থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষের জমায়েত—সব জায়গাতেই তিনি ধর্মীয় বক্তব্য তুলে ধরেছেন। দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন স্থানেও তার তাফসির ও ধর্মীয় কার্যক্রম বিস্তৃত হয়েছিল বলে উল্লেখ করেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান আরও বলেন, মানুষের ভালোবাসা ও সমর্থন সাঈদীকে তাফসিরের মঞ্চ থেকে জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে যায়। সংসদ সদস্য হিসেবে তিনি ধর্মীয় মূল্যবোধ, আলিয়া ও কওমি মাদ্রাসা শিক্ষা এবং সাধারণ মানুষের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কথা বলেছেন।

সংসদীয় কার্যক্রমের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সংসদে স্পিকারের সামনে মাথা নত করে প্রবেশের একটি প্রচলিত রীতি বন্ধে সাঈদী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

জামায়াতে ইসলামীর আমির বলেন, ইতিহাসে আল্লাহর প্রতি নিবেদিত ব্যক্তিদের অনেকেই নিপীড়নের শিকার হয়েছেন। একইভাবে আল্লামা সাঈদীর জীবনেও জুলুম-নির্যাতন নেমে এসেছিল বলে তিনি মন্তব্য করেন। তার প্রতি মানুষের ভালোবাসা এবং কথিত নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন সময়ে বিপুলসংখ্যক মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, বিভিন্ন আন্দোলন-প্রতিবাদে প্রাণহানির ঘটনাও ঘটেছে, রাজপথ রক্তাক্ত হয়েছে। তবে এসবের পরও মানুষের হৃদয়ে সাঈদীর প্রতি যে ভালোবাসা তৈরি হয়েছিল, তা মুছে ফেলা সম্ভব হয়নি।

বিবৃতিতে তিনি আল্লামা সাঈদীর ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন এবং তার অনুসারীদের প্রতি শ্রদ্ধা জানান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন