Saturday, August 15, 2026

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১


ছবিঃ সড়ক দুর্ঘটনা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। খাগড়াছড়ি

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শুদ্ধ অং মারমা (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বিজিবি সেক্টর হাসপাতালের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুদ্ধ অং মারমা রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাগলাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গুইমারা বাজার থেকে মোটরসাইকেলে করে রামগড়ের দিকে যাচ্ছিলেন শুদ্ধ অং মারমা। পথে জালিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তবে পুলিশ মাইক্রোবাসটি জব্দ করেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন