- ১৫ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। যশোর
যশোরের কেশবপুরে ককটেল বিস্ফোরণে জুয়েল রানা (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে কেশবপুর পৌরসভার মধ্যকূল নাথপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জুয়েল রানা ওই এলাকার খানজাহান আলীর ছেলে। বিস্ফোরণে আহত হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে মধ্যকূল নাথপাড়া মোড় এলাকায় হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণে জুয়েল রানা আহত হন। ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, ককটেল বিস্ফোরণে একজন আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
তিনি বলেন, “আহত ব্যক্তি ককটেলটি বহন করছিলেন, নাকি কোথাও রেখে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটেছে—এ মুহূর্তে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের কারণ ও ঘটনার সঙ্গে জড়িত বিষয়গুলো খতিয়ে দেখছে। আহত জুয়েল রানার বক্তব্যসহ স্থানীয়দের কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।