Thursday, February 26, 2026

ঋণের কিস্তি নিয়ে মার্চে ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধি দল


প্রতীকী ছবিঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

চলমান ঋণ কর্মসূচির পরবর্তী কিস্তি ছাড় নিয়ে আলোচনা করতে আগামী মার্চে ঢাকায় আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আন্তর্জাতিক মুদ্রা তহবিল একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ৯ ও ১০ মার্চ তিন সদস্যের একটি দল ঢাকা সফর করবে। সফরকালে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন।

সরকার আশা করছে, এ বৈঠক ফলপ্রসূ হলে স্থগিত থাকা ১৩০ কোটি ডলারের কিস্তি ছাড়ের পথ সুগম হবে এবং পুরো ঋণ কর্মসূচি আবারও সক্রিয় গতি পাবে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আইএমএফের এশিয়া-প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। গত ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের সময় একটি কিস্তি স্থগিত রাখে সংস্থাটি। তখন জানানো হয়, নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী অর্থ ছাড় করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলে আগামী জুনের মধ্যেই পরবর্তী কিস্তির অর্থ পাওয়া যেতে পারে। সে ক্ষেত্রে ডিসেম্বরের বকেয়া অর্থ ও নির্ধারিত নতুন কিস্তি একত্রে ছাড়ের সম্ভাবনাও রয়েছে।

ঋণ কর্মসূচির শর্ত পূরণে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখনো অপেক্ষমাণ। এর মধ্যে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কাঠামোগত সংস্কার, জাতীয় রাজস্ব বোর্ড–এর পুনর্গঠন, বাংলাদেশ ব্যাংক –এর কার্যক্রমে অধিক স্বায়ত্তশাসন নিশ্চিত করা এবং পুরোপুরি বাজারভিত্তিক বিনিময় হার চালু করা। পাশাপাশি ভর্তুকি কমানো ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণও আইএমএফের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে।

উল্লেখ্য, কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত বৈশ্বিক অর্থনৈতিক চাপের প্রেক্ষাপটে ২০২৩ সালের ৩০ জানুয়ারি বাংলাদেশ আইএমএফের সঙ্গে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণচুক্তি করে। পরে কর্মসূচির মেয়াদ ছয় মাস বাড়িয়ে অতিরিক্ত ৮০ কোটি ডলার যুক্ত হওয়ায় মোট ঋণ প্যাকেজ দাঁড়ায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে।

এ পর্যন্ত বাংলাদেশ পাঁচ কিস্তিতে ৩ দশমিক ৬৪ বিলিয়ন ডলার পেয়েছে। এখনো প্রায় ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলার ছাড় বাকি রয়েছে। আসন্ন বৈঠকে এসব বিষয়েই বিস্তারিত আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন