- ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
আসন্ন রমজান উপলক্ষে আয়োজিত দলীয় ইফতার মাহফিলে অংশ নিতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সপরিবার আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। আগামী ২৮ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে প্রধানমন্ত্রী উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানায়, বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তাঁর সঙ্গে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আমন্ত্রণ গ্রহণের সময় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন। পরে তিনি শফিকুর রহমানের সঙ্গে ফোনে কথা বলেন।
জামায়াতের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, ভবিষ্যতে সরকার ও বিরোধী দল পরস্পরের সহযোগিতার ভিত্তিতে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য একসঙ্গে কাজ করবে।