Wednesday, March 11, 2026

রেশনিং ব্যবস্থায় পাম্পে জ্বালানি সরবরাহ বাড়ালো বিপিসি


ছবিঃ পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ বাড়াল বিপিসি (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

রেশনিং পদ্ধতির আওতায় দেশের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এতদিন ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে গড় বিক্রয়ের তুলনায় ২৫ শতাংশ কমিয়ে জ্বালানি সরবরাহ করা হলেও এখন তা কমিয়ে ১৫ শতাংশে নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বৈশ্বিক পরিস্থিতির মধ্যে দেশের মানুষের চাহিদা বিবেচনায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এর আওতায় বিভাগীয় শহরগুলোর ফিলিং স্টেশনগুলোতে অকটেন ও পেট্রোলের সরবরাহ আগের তুলনায় কিছুটা বাড়ানো হয়েছে। এখন থেকে গড় বিক্রয়ের ভিত্তিতে ১৫ শতাংশ কমিয়ে বরাদ্দ নির্ধারণ করে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বিপিসির অধীন বিভিন্ন বিপণন কোম্পানির ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা, ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রতি ইরান-এ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর হামলার ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব দীর্ঘমেয়াদে দেশে না পড়তে দিতে সরকার গত রোববার থেকে সীমিত আকারে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রির ব্যবস্থা চালু করে।

এ পরিস্থিতিতে অনেক স্থানে যানবাহনের চালকেরা আগাম তেল সংগ্রহ করতে পেট্রোল পাম্পে ভিড় করেন। এতে বিভিন্ন পাম্পে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। তবে সরকারের পক্ষ থেকে বারবারই জানানো হয়েছে, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন