Tuesday, July 7, 2026

অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া ইরানি নারী ফুটবলারদের নিরাপদ স্থানে স্থানান্তর


ফাইল ছবিঃ বুধবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের মহিলা ফুটবল দলের সদস্যরা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

অস্ট্রেলিয়ায় আশ্রয় প্রার্থনা করা সাতজন ইরানি নারী ফুটবলারের মধ্যে একজন দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করায় বাকি ছয়জনকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (১১ মার্চ) অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।

মন্ত্রী জানান, ওই সাত খেলোয়াড়ের মধ্যে একজন সহকর্মীদের পরামর্শে নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি কোচ ও সতীর্থদের পরামর্শে ইরান দূতাবাস-এর সঙ্গে যোগাযোগ করেন। এর ফলে দূতাবাস তাদের অবস্থান সম্পর্কে জানতে পারে। বিষয়টি জানার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অন্য ছয় খেলোয়াড়কে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

টনি বার্ক বলেন, বর্তমানে ছয়জন খেলোয়াড় নিরাপদ স্থানে রয়েছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ পাহারা দিচ্ছে।

তিনি আরও জানান, খেলোয়াড়দের কয়েকজন সতীর্থ মঙ্গলবার রাতে সিডনি থেকে দেশত্যাগ করেছেন। সর্বশেষ তাদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর-এ দেখা গেছে বলে জানা গেছে।

ঘটনার পেছনে সাম্প্রতিক একটি ম্যাচকে কেন্দ্র করে বিতর্কের কথা উল্লেখ করা হয়েছে। ওই ম্যাচে জাতীয় সঙ্গীত না গাওয়ার কারণে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম খেলোয়াড়দের ‘দেশদ্রোহী’ বলে আখ্যা দেয়। পরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় খেলোয়াড়দের দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে জানায়, তাদের জন্য দেশের দরজা খোলা রয়েছে এবং ভয়ের কোনো কারণ নেই।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন