- ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজান উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে চার বছর বয়সী মিসবাহ নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর বড়ুয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলার সময় অসাবধানতাবশত শিশুটি বাড়ির পাশে থাকা পরিত্যক্ত নলকূপের খোলা গর্তে পড়ে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৮টার দিকে শিশুটিকে ৩০ ফুট গভীর নলকূপ থেকে উদ্ধার করা হয়। উদ্ধার করে দ্রুত রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক হাবিবুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, “বিকাল ৪টার দিকে শিশুটি বাড়ির পাশে থাকা নলকূপে পড়ে যায়। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় তাকে উদ্ধার করা হলেও, শেষ পর্যন্ত প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।”
উদ্ধার অভিযানে থাকা ফায়ার সার্ভিসের ইনচার্জ জসিম উদ্দিন বলেন, “আমরা শিশুটিকে জীবিত উদ্ধার করতে না পারায় অত্যন্ত মর্মাহত। পুলিশ ও সেনাবাহিনীও উদ্ধার কাজে সহযোগিতা করেছে।”
রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামসুল আলম জানান, বিকাল ৫টা ২০ মিনিটের দিকে খবর পেয়ে টিমটি ঘটনাস্থলে পৌঁছায়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাত ৮টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, পরিত্যক্ত নলকূপের গর্তগুলো যথাযথভাবে বন্ধ না করার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে, যেন ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।