- ১০ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণার পর জোটের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অলি আহমদ বলেছেন, জনগণের স্বার্থ রক্ষায় তিনি সবসময় তাদের পাশে থাকবেন এবং জাতির সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করবেন না।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অলি আহমদের নাম রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অলি আহমদ বলেন, তাকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত করায় তিনি সমগ্র জাতি, জোটের নেতাকর্মী এবং দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ। নির্বাচনে জয়-পরাজয়কে মুখ্য না করে জনগণের স্বার্থে কাজ করাই তাদের মূল লক্ষ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
অলি আহমদ বলেন, জনগণের পাশে থেকে তাদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। ১১ দলীয় জোটের নেতারা সর্বসম্মতভাবে তার নাম প্রস্তাব করায় তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিজের যোগ্যতা তুলে ধরে এলডিপি চেয়ারম্যান বলেন, মুক্তিযুদ্ধের একজন যোদ্ধা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিকভাবে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে দুর্নীতি বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো অভিযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। এসব বিষয় বিবেচনায় নিয়ে জোটের নেতারা তাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন বলে জানান।
বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক বলেন, রাষ্ট্রপতি পদে তাদের বিবেচনায় সবচেয়ে যোগ্য ব্যক্তিকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে পেরে তারা সন্তুষ্ট। বর্তমান রাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতিতে অলি আহমদের অভিজ্ঞতা ও ভূমিকা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করেন তিনি।
মামুনুল হক আরও বলেন, ১১ দলীয় জোটের বাইরের দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি, এমনকি বিএনপির নেতাকর্মীরাও অলি আহমদের যোগ্যতা বিবেচনা করবেন বলে তারা প্রত্যাশা করেন। রাষ্ট্রপতি নির্বাচনে তার পক্ষে সহযোগিতারও আহ্বান জানান তিনি।
অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের কল্যাণের বিষয়টি বিবেচনা করেই অলি আহমদকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনীতিতে স্বচ্ছতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তারা নিজেদের দৃষ্টিতে সর্বোত্তম ব্যক্তিকেই বেছে নিয়েছেন। দেশের স্বার্থে জোটের প্রতিটি পদক্ষেপ নেওয়া হবে এবং এ বিষয়ে তারা কোনো আপস করবেন না।
এদিকে অলি আহমদের প্রার্থিতা ঘোষণাকে ঘিরে ১১ দলীয় জোটের মধ্যে ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা দেখা গেছে। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে এই মনোনয়ন রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের সূচনা করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।