Sunday, August 9, 2026

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল


ছবিঃ বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করেছে বিএনপি—দলটির একাধিক জ্যেষ্ঠ নেতার বক্তব্যে এমন তথ্য উঠে এসেছে। দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের পর রাষ্ট্রপতি পদে ফখরুলকে মনোনয়ন দেওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দলের একজন জ্যেষ্ঠ নেতা ‘ডেইলি ওয়াদা’কে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুলকেই রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। তবে দলের কয়েকজন শীর্ষ নেতা জানিয়েছেন, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি পুরোপুরি চূড়ান্ত বলা যাচ্ছে না। তাদের ভাষ্য, প্রার্থী নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপরই নির্ভর করছে।

তবে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন নেতা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে রোববার (৯ আগস্ট) সকালে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। দলটির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অর্পণ করে। জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলীয় প্রার্থীর পক্ষে সংসদীয় সমর্থন নিশ্চিত থাকলে রাষ্ট্রপতি নির্বাচনে ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন দলটির নেতারা।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রয়োজন হলে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ হবে। তবে মির্জা ফখরুল ছাড়া অন্য কোনো বৈধ প্রার্থী না থাকলে সংসদে ভোটের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে।

এর আগে গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তার পদত্যাগের পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী ২০ আগস্টের নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা শুরু হয়েছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন